দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এরই মধ্যে বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর একের পর এক ধাক্কার সম্মুখীন তৃণমূল।
ইতিমধ্যেই দলে বড়সড় ফাটলের ছবি সামনে এসেছে। কার্যত দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছে জোড়াফুল শিবির। রাজ্যে পালাবদলের পর থেকেই কলকাতা পুরসভায় ডামাডোল পরিস্থিতি চলছিল। কিছুদিন আগে ইস্তফা দেন অরূপ চক্রবর্তী, দেবলীন বিশ্বাস ও সুশান্ত ঘোষ। এরপর সেই পথে হাঁটেন মেয়র পারিষদ তারক সিং। এই ঘটনাগুলির রেশ কাটতে না কাটতেই সামনে এল ফিরহাদের পদত্যাগের খবর। এই বিষয়ে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, “আমাদের দলনেত্রীর কাছে বহুবার ইস্তফার ইচ্ছাপ্রকাশ করেছিলেন ফিরহাদ হাকিম। শেষ দিন আমিও ছিলাম। সেদিন কথা হয়। উনি বলেন, এই পরিস্থিতিতে কাজ করা যাচ্ছে না।“
