শিলিগুড়ি কলেজ ক্যাম্পাসে জীববৈচিত্র্য ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে উদ্যোগ

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে শনিবার শিলিগুড়ি কলেজে আয়োজিত হল বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি। কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এই উদ্যোগে অংশগ্রহণ করেন কলেজের অধ্যাপক ও অধ্যাপিকারা। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ক্যাম্পাসকে আরও সবুজ ও মনোরম করে তোলার লক্ষ্যে এদিন বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। উল্লেখ্য, ২০১৬ সাল থেকে শিলিগুড়ি কলেজে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় ২০২১ সালে কলেজ প্রাঙ্গণে গড়ে তোলা হয় একটি ‘নিম বন’।

বর্তমানে সেখানে নিমের পাশাপাশি বকুল, হরিতকী, বহেড়া, অর্জুনসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। এছাড়াও কাঁঠাল, জলপাই, কালোজাম, জামরুল, আম, পেয়ারা, লিচু, আমলকি, তেঁতুল, কামরাঙা, সফেদা ও সীতাফলসহ নানা ফলজ ও ঔষধি গাছ রোপণ করা হয়েছে। এদিনের কর্মসূচিতে বিশেষভাবে বারুইপুরের বিখ্যাত পেয়ারার চারা রোপণ করা হয়। কলেজ কর্তৃপক্ষের মতে, এই ধরনের উদ্যোগ শুধু পরিবেশের উন্নয়নেই নয়, শিক্ষার্থীদের মধ্যেও প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কলেজের অধ্যাপিকা ড. বিদ্যাবতী আগরওয়ালা জানান, সুস্থ ইকোসিস্টেম বজায় রাখা এবং কলেজ ক্যাম্পাসকে আরও সবুজ ও শীতল করে তুলতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, “গাছপালা বৃদ্ধির ফলে বিভিন্ন প্রজাতির পাখির আগমন ঘটছে, যা ক্যাম্পাসের জীববৈচিত্র্যকে সমৃদ্ধ করছে। আগামী দিনেও এই ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে এবং আরও বেশি সংখ্যক গাছ লাগানো হবে।”পরিবেশবান্ধব এই উদ্যোগ শিলিগুড়ি কলেজের সবুজ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকারকে আরও একবার তুলে ধরল।