মাটিগাড়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

মাদক কারবারিদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানার পুলিশ এবং স্পেশাল অপারেশন গ্রুপ।গতকাল রাতে আবারো মাটিগাড়া থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশের অভিযান, ২৭৮ গ্রাম ব্রাউন সুগারসহ গ্রেফতার যুবক। মাটিগাড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম মোহাম্মদ বাবলু। তার বয়স ৩৮ বছর। পুলিশের দাবি, বাবলু একাধিক নামে পরিচিত ছিল। বুলেট, আজাদ, বুলকু এবং রাজা নামেও সে পরিচিত বলে জানা গিয়েছে।

বেশ কিছুদিন ধরেই বাবলুর গতিবিধির ওপর নজর রাখছিল মাটিগাড়া থানার এন্টি ক্রাইম উইং। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত সাড়ে আটটা নাগাদ অভিযান চালায় পুলিশ।মাটিগাড়া থানার অন্তর্গত পরিবহন নগরের একটি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ বাবলুকে গ্রেফতার করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় ২৭৮ গ্রাম ব্রাউন সুগার। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, উদ্ধার হওয়া মাদক বিক্রির উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক সরবরাহের সঙ্গে তার যোগ থাকার অভিযোগ খতিয়ে দেখছে তদন্তকারীরা।

পুলিশের দাবি, তরুণ-তরুণীদের কাছে ব্রাউন সুগার পৌঁছে দেওয়ার কাজে অভিযুক্তের ভূমিকা ছিল। মাদক কারবারের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে, কোথা থেকে এই মাদক আসত এবং কোথায় তা সরবরাহ করা হতো—এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।ধৃত মোহাম্মদ বাবলুকে জিজ্ঞাসাবাদ করে মাদক কারবারের আরও বড় কোনও নেটওয়ার্কের সন্ধান পাওয়া যায় কি না, সেদিকেও নজর রয়েছে পুলিশের। ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করে মাটিগারা থানার পুলিশ।