উৎসবের মরসুমে নিরাপদ ডিজিটাল পেমেন্টের জন্য NPCI-এর ৫টি গুরুত্বপূর্ণ পরামর্শ

উৎসব মানেই আনন্দ, উপহার আদান-প্রদান এবং কেনাকাটার ব্যস্ততা। অনলাইন ও অফলাইন—উভয় ক্ষেত্রেই আকর্ষণীয় ছাড়, সীমিত সময়ের বিশেষ অফার এবং ক্যাশব্যাকের মতো প্রচারমূলক সুবিধা ক্রেতাদের দ্রুত কেনাকাটার সিদ্ধান্ত নিতে উৎসাহিত করে। উৎসবের এই ব্যস্ততার মধ্যে অনেকেই ‘অবিশ্বাস্য রকমের ভালো’ অফার হাতছাড়া না করার তাড়নায় হঠাৎ করে কেনাকাটার সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। প্রতারকরা মানুষের এই ধরনের আচরণ সম্পর্কে সচেতন এবং প্রায়শই সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এর সুযোগ নেয়। প্রযুক্তির সঙ্গে সঙ্গে প্রতারণার কৌশলও বদলাচ্ছে। তাই সচেতনতা এবং কয়েকটি সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করলে ব্যবহারকারীরা নিরাপদ ও নির্বিঘ্নে ডিজিটাল লেনদেনের অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

শুধুমাত্র অফিসিয়াল অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমেই কেনাকাটা করুন: বিশেষ করে সেলের মরসুমে প্রতারকরা আসল ওয়েবসাইটের মতো দেখতে নকল ওয়েবসাইট ও লিঙ্ক তৈরি করে ব্যক্তিগত তথ্য এবং পেমেন্ট সংক্রান্ত বিবরণ চুরি করার চেষ্টা করে। তাই সর্বদা নিজে ওয়েবসাইটের ঠিকানা টাইপ করুন অথবা শুধুমাত্র অফিসিয়াল অ্যাপ ব্যবহার করুন। অজানা কোনও সূত্র থেকে আসা লিঙ্কে ক্লিক করবেন না বা ফাইল ডাউনলোড করবেন না। এমনকী উৎসবের অফার বা শুভেচ্ছা কার্ডের নামে পাঠানো লিঙ্ক থেকেও সতর্ক থাকুন, কারণ এগুলি আপনাকে প্রতারণামূলক ওয়েবসাইটে নিয়ে যেতে পারে অথবা ক্ষতিকর সফটওয়্যার ছড়াতে পারে, যা আপনার ডিভাইসের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে।

শুধুমাত্র নির্দিষ্ট প্ল্যাটফর্মের মাধ্যমেই পেমেন্ট সম্পন্ন করুন: কিছু প্রতারণামূলক কৌশলের মাধ্যমে ব্যবহারকারীদের কেনাকাটার অ্যাপ বা ওয়েবসাইটের বাইরে অন্য কোনও UPI ID বা লিঙ্কের মাধ্যমে পেমেন্ট করতে প্ররোচিত করা হয়, যার ফলে নিরাপত্তা যাচাইয়ের ধাপগুলি এড়িয়ে যাওয়া হয়। তাই সর্বদা সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের অফিসিয়াল চেকআউট পেজের মাধ্যমেই লেনদেন সম্পন্ন করুন এবং পেমেন্ট করার আগে বিক্রেতার বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।

বিনামূল্যের ভাউচার ও ক্যাশব্যাকের প্রতিশ্রুতি সম্পর্কে সতর্ক থাকুন: পুরস্কার, ক্যাশব্যাক বা উৎসবের উপহারের প্রলোভন দেখিয়ে পাঠানো মেসেজে অনেক সময় OTP, অ্যাকাউন্টের বিবরণ বা সামান্য ‘ফি’ চাওয়া হয়। প্রকৃত অফার পাওয়ার জন্য কখনও সংবেদনশীল তথ্য বা অগ্রিম টাকা দেওয়ার প্রয়োজন হয় না। তাই অপরিচিত কোনও মেসেজের ভিত্তিতে ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না বা কোনও ফি প্রদান করবেন না। এর পরিবর্তে, সংশ্লিষ্ট অফারটির সত্যতা সরাসরি অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইটে যাচাই করে নিন।

অপ্রত্যাশিত OTP চাওয়ার ঘটনাকে প্রতারণার সতর্কবার্তা হিসেবে বিবেচনা করুন: কিছু মেসেজে দাবি করা হয় যে কোনও পেমেন্ট ব্যর্থ হয়েছে বা অ্যাকাউন্ট ব্লক হয়ে গিয়েছে এবং সমস্যার সমাধানের জন্য OTP চাওয়া হয়। মনে রাখবেন, OTP শুধুমাত্র ব্যবহারকারীর শুরু করা কোনও লেনদেন নিশ্চিত করার জন্য ব্যবহৃত হয়। ব্যাঙ্ক বা পেমেন্ট অ্যাপ কখনও ফোন কল বা মেসেজের মাধ্যমে OTP চায় না। তাই কেউ আপনার সঙ্গে যোগাযোগ করে OTP চাইলে তা কখনও শেয়ার করবেন না, এমনকী তিনি নিজেকে আপনার ব্যাঙ্ক বা পেমেন্ট অ্যাপের প্রতিনিধি বলে দাবি করলেও নয়।

চাপের মুখে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না: প্রতারকরা কোনও অফার শীঘ্রই শেষ হয়ে যাবে অথবা নির্দিষ্ট সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে—এমন কথা বলে তাড়াহুড়ো ও ভয়ের পরিবেশ তৈরি করে। প্রকৃত পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি কখনও ভয় দেখিয়ে বা তাড়াহুড়ো করতে বাধ্য করে না। কোনও মেসেজের জবাব দেওয়ার আগে একটু সময় নিন এবং তার সত্যতা যাচাই করুন। এ ধরনের দাবি সম্পর্কে প্রতিক্রিয়া জানানোর আগে অফিসিয়াল অ্যাপ, ওয়েবসাইট অথবা কাস্টমার সাপোর্টের মাধ্যমে তা নিশ্চিত হয়ে নিন।

নিরাপদ লেনদেনের অভিজ্ঞতা নিশ্চিত করতে ব্যবহারকারীদের ‘থামুন, ভাবুন, তারপর পদক্ষেপ নিন’ (Stop, Think, Act) নীতি অনুসরণ করা উচিত। অপ্রত্যাশিত কোনও অনুরোধ পেলে থামুন, তথ্যের সত্যতা যাচাই করার জন্য ভালোভাবে ভাবুন এবং বিচক্ষণতার সঙ্গে পদক্ষেপ নিন। এই পদ্ধতি অনুসরণ করলে ব্যবহারকারীরা সহজেই তাঁদের লেনদেন সুরক্ষিত রাখতে এবং ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। অপ্রত্যাশিত কোনও অনুরোধ পেলে থামুন, তথ্য শেয়ার করার বা পেমেন্ট করার আগে ভাবুন এবং প্রেরকের সত্যতা যাচাই করার পরেই পদক্ষেপ নিন।