১৪–১৫ বছরের কিশোরীদের জন্য টিকাকরণ, ক্যান্সার প্রতিরোধে বড় উদ্যোগ

সারা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও শুরু হল সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধক টিকাকরণ কর্মসূচি। শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর পরই শিলিগুড়ি জেলা হাসপাতালে টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, মহকুমাশাসক বিকাশ রোহেলা, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসী প্রামাণিক সহ জেলা হাসপাতালের একাধিক আধিকারিক। অনুষ্ঠান শেষে বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প দীর্ঘদিন ধরে রাজ্যে কার্যকর করা হয়নি।

দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই এই কর্মসূচি চালু হয়েছে। তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ১৪ থেকে ১৫ বছর বয়সি কিশোরীদের সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধক টিকা দেওয়া হবে। এর ফলে ভবিষ্যতে সার্ভাইক্যাল ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।