সুপার স্প্লেন্ডর XTEC 2.0 লঞ্চ করল হিরো মোটোকর্প

হিরো মোটোকর্প ভারতে নিয়ে এলো অল নিউ সুপার স্প্লেন্ডর XTEC 2.0। এর দাম ধার্য হয়েছে ৮৬,৫০০ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। ১৯৯৪ সালে শুরু হওয়া এক দীর্ঘ ঐতিহ্যের ওপর ভিত্তি করে তৈরি, এই উন্নত ১২৫ সিসি কমিউটার মোটরসাইকেলটি আধুনিক ডিজাইনের সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তির এক চমৎকার সংমিশ্রণ ঘটিয়েছে। মোটরসাইকেলের বাহ্যিক রূপে এসেছে নতুনত্ব যেমন গতিশীল ডুয়াল-টোন গ্রাফিক্স, বিশেষ XTEC 2.0 ব্যাজিং, একটি প্রিমিয়াম থ্রিডি প্রতীক এবং ডুয়াল-টেক্সচারযুক্ত সেলাই করা সিট। রয়েছে ১২৪.৭ সিসি-র সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন, যা ১০.৭ bhp শক্তি এবং ১০.৬ Nm টর্ক উৎপন্ন করে।

প্রতিদিনের যাতায়াতের জন্য বিশেষভাবে অপ্টিমাইজ করা এই বাইকটি হিরো-এর i3S (Idle Stop-Start System)-এর পাশাপাশি অ্যাডভান্সড প্রোগরামড ফুয়েল ইনজেকশন প্রযুক্তি ব্যবহার করে, যা এই শ্রেণির বাইকগুলোর মধ্যে সর্বোচ্চ তথা ৭২ কিমি প্রতি ঘণ্টা মাইলেজ দেয়। চালকের আরাম নিশ্চিত করতে, এতে ব্যবহৃত ইন্টিগ্রেটেড স্টার্টার জেনেরেটর ইঞ্জিন চালু করার সময় প্রায় নিঃশব্দ থাকে। নিরাপত্তা এবং সুবিধার ক্ষেত্রেও বাইকটিতে উল্লেখযোগ্য উন্নত বৈশিষ্ট যোগ করা হয়েছে; যেমন এতে প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে ‘হ্যাজার্ড লাইট’, যা জরুরি পরিস্থিতিতে বাইকের চারটি ইন্ডিকেটরই একসঙ্গে জ্বালিয়ে রাখবে। বাইকটিতে নিশ্চিত ব্রেকিং ক্ষমতার জন্য সামনে একটি ডিস্ক ব্রেক, হ্যান্ডেলবারে যুক্ত ইঞ্জিন কিল সুইচ এবং পেছনে একটি চওড়া গ্র্যাব রেল রাখা হয়েছে।

প্রযুক্তির দিক থেকে, এর সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটিতে ব্লুটুথ সংযোগের সুবিধা রয়েছে, যার মাধ্যমে ইনকামিং কলের অ্যালার্ট, এসএমএস নোটিফিকেশন এবং ফোনের ব্যাটারির অবস্থা জানা যায়। এছাড়াও এতে রয়েছে একটি রিয়াল-টাইম মাইলেজ ইন্ডিকেটর এবং ২ অ্যাম্পিয়ারের ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট। গ্লসি ব্ল্যাক, ক্যান্ডি ব্লেজিং রেড, ম্যাট অ্যাক্সিস গ্রে, ম্যাট নেক্সাস ব্লু এবং ম্যাট চেস্টনাট ব্রাউন, এই পাঁচটি ভিন্ন রঙে উপলব্ধ সুপার স্প্লেন্ডর XTEC 2.0 বাইকটি চালককে আরামদায়ক ও স্বাচ্ছন্দে বসার সুবিধা দেবে। এর লম্বা ও আরামদায়ক সিটটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে শহরের ব্যস্ত রাস্তায় প্রতিদিন যাতায়াত করা বা হাইওয়েতে দীর্ঘ সময় ভ্রমণে চালক যেন কম ক্লান্ত হয়।