নেশার সামগ্রী পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেল শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি সংলগ ফুলবাড়ি জিয়াগঞ্জ এলাকায় একটি মালবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ির মধ্যে থাকা ৩০টি কার্টুন থেকে প্রায় ৪৫০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয়, যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে অনুমান।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম অলক কুন্ডু, বাড়ি শিলিগুড়িতে। এছাড়াও হাওড়ার বাসিন্দা প্রসেনজিৎ মুখার্জি এবং সুরজিৎ হালদারকেও গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া কফ সিরাপগুলি অবৈধভাবে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল।
পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে এবং এই বিপুল পরিমাণ কফ সিরাপ কোথা থেকে আনা হচ্ছিল, তা জানার চেষ্টা করছে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ শনিবার তাদের জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
