বিদ্যাসাগরের জন্মজয়ন্তী ও বিশ্ব পর্যটন দিবসে শিলিগুড়িতে দু’দিনের বিশেষ কর্মসূচি

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী এবং বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শিলিগুড়িতে শুরু হয়েছে দু’দিনব্যাপী বিশেষ কর্মসূচি। পর্যটন ও অ্যাডভেঞ্চার স্পোর্টসকে সাধারণ মানুষের কাছে আরও জনপ্রিয় করে তুলতে প্রথম দিন আয়োজন করা হয় সচেতনতামূলক র‍্যালির। পাশাপাশি দ্বিতীয় দিনে বিশেষ ম্যারাথন প্রতিযোগিতার পরিকল্পনা নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে রাজ্যের পর্যটন শিল্পের বর্তমান পরিস্থিতি এবং আগামী দিনের পরিকল্পনা তুলে ধরা হয়। পর্যটনকে কেন্দ্র করে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করা এবং রাজস্ব বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানানো হয়েছে।আগামী দিনে রাজ্যজুড়ে পরিবেশবান্ধব ও পর্যটকবান্ধব পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনাও তুলে ধরা হয়।

পর্যটনকেন্দ্রগুলিতে প্রয়োজনীয় পরিকাঠামোর উন্নয়ন, অ্যাডভেঞ্চার ট্যুরিজমের প্রসার এবং পর্যটকদের জন্য আরও উন্নত পরিষেবা চালুর মাধ্যমে বাংলাকে পর্যটনের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে পর্যটন সচেতনতা আরও বাড়বে বলেই মনে করছেন আয়োজকরা।