একাকীত্বের মাঝেও নতুন সম্পর্কের চেষ্টায় ৭০% ভারতীয়

আধুনিক ব্যস্ত ও ডিজিটাল জীবনের কারণে তরুণ অবিবাহিতদের জন্য অর্থপূর্ণ সম্পর্ক তৈরি করা কঠিন হয়ে উঠছে। ম্যাচ গ্রুপ-এর উদ্যোগে ইপএসওএস (Ipsos)-এর করা Human Connection Survey-তে ভারতে ১৮-৪৫ বছর বয়সী ১,০০০ জন অবিবাহিতের উপর সমীক্ষা চালানো হয়। সমীক্ষায় দেখা গিয়েছে, ৩৫% ভারতীয় অবিবাহিত প্রায়ই বা সবসময় একাকীত্ব অনুভব করেন। অথচ ৭০% নতুন সামাজিক সম্পর্ক তৈরির চেষ্টা করছেন এবং ৭৫% সপ্তাহে একবারের বেশি সরাসরি সামাজিক মেলামেশা করেন।

সমীক্ষা অনুযায়ী, ৬৪% কাজ বা পড়াশোনাকে সামাজিক জীবনের চেয়ে বেশি গুরুত্ব দেন এবং ৫৫% দৈনন্দিন কাজের পর ক্লান্তির কারণে সামাজিকভাবে মেলামেশা করতে পারেন না। ৫৮% জানিয়েছেন, অনলাইনে মানুষের সঙ্গে সংযুক্ত থাকলেও বাস্তব জীবনে তাঁরা একাকীত্ব অনুভব করেন।

৭২% ভারতীয় অবিবাহিত কম কিন্তু গভীর সম্পর্ক পছন্দ করেন এবং ৭০% নতুন সামাজিক সম্পর্ক তৈরিতে সক্রিয়। রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রেও দীর্ঘমেয়াদি সম্পর্কের প্রতি আগ্রহ স্পষ্ট। ৭৮% সত্যিকারের ভালোবাসায় বিশ্বাস করেন, ৭৭% মনে করেন তাঁরা ‘মনের মানুষ’-এর সন্ধান পাবেন এবং ৮৫% দীর্ঘমেয়াদি সম্পর্ক চান। জেনারেশন জেডের ক্ষেত্রে এই হার ৮৯%। এছাড়া ৬৩% অসম্পূর্ণ ম্যাচের সঙ্গে মানিয়ে নেওয়ার বদলে খোঁজ চালিয়ে যেতে চান এবং ৭২% এমন ব্যক্তির সঙ্গেই ডেট করতে চান, যাঁর সঙ্গে দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ দেখতে পান।

ম্যাচ গ্রুপ-এর সিনিয়র ডিরেক্টর ও ভারত এবং মধ্যপ্রাচ্যের রিজিওনাল হেড অনুকূল কুমার বলেন, তরুণ ভারতীয়রা সম্পর্কের ক্ষেত্রে আরও সচেতন হচ্ছেন। তাঁর মতে, ব্যস্ত জীবনযাপন ও ডিজিটাল যোগাযোগের কারণে প্রকৃত সম্পর্ক তৈরি কঠিন হলেও প্রযুক্তি মানুষকে সত্যিকারের, সামঞ্জস্যপূর্ণ ও অর্থপূর্ণ সম্পর্ক খুঁজে পেতে সাহায্য করতে পারে।

সমীক্ষায় দেখা গিয়েছে, ৪০% ভারতীয় অবিবাহিত বর্তমানে ডেটিং অ্যাপ ব্যবহার করেন। তাঁদের মধ্যে ৬৩% মনে করেন, ডেটিং অ্যাপ তাঁদের আরও সংযুক্ত ও কম একাকী অনুভব করতে সাহায্য করে। আগামী ১২ মাসে ৫৫% ডেটিং অ্যাপ ব্যবহারের সম্ভাবনার কথা জানিয়েছেন এবং ৬০% অনলাইন ডেটিংকে রোমাঞ্চকর বলে মনে করেন।

তবে নিরাপত্তা ও আস্থাও গুরুত্বপূর্ণ। ৬০% অনলাইনে ডেটিংয়ের সময় নিরাপত্তা ও অন্তর্ভুক্তি নিয়ে উদ্বিগ্ন। ৫২% ডেটিং অ্যাপ বেছে নেওয়ার ক্ষেত্রে যাচাই করা প্রোফাইল ও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। ইপএসওএস (Ipsos)-এর এই সমীক্ষা ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডে পরিচালিত হয়েছে। ভারতে মেট্রোপলিটন ও টিয়ার-১ শহরের ১৮-৪৫ বছর বয়সী ১,০০০ জন অবিবাহিত প্রাপ্তবয়স্ক এতে অংশ নেন।