অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ২৬ জনকে আনা হল ফাটাপুকুর হোল্ডিং সেন্টারে

রাজ্যজুড়ে অবৈধ বাংলাদেশি নাগরিকদের ধরপাকড় অভিযানের মধ্যে রাজগঞ্জের ফাটাপুকুরে তৈরি হোল্ডিং সেন্টারে বৃহস্পতিবার ২৬ জনকে অস্থায়ীভাবে রাখা হয়েছে। এদের মধ্যে রয়েছেন ৭ জন শিশু ও ১৫ জন মহিলা। জানা গেছে, এরা প্রায় তিন থেকে চার বছর আগে চোরাই পথে ভারতে এসেছিলেন এবং রিকশাচালক বা রংমিস্ত্রির মতো ছোটখাটো কাজের সঙ্গে যুক্ত ছিলেন।

ইসলামপুর দিক থেকে বাসে করে তাঁদের ফাটাপুকুরে আনা হয়। সেন্টারটি সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে, চারিদিকে টিনের ঘেরা, ভেতরে থাকা-খাওয়া ও বাথরুমের ব্যবস্থা রয়েছে। ২৪ ঘণ্টা নজরদারির জন্য পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে।

পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি তাঁদের পরবর্তী পদক্ষেপ কী হবে, তবে ধারণা করা হচ্ছে বিএসএফ-এর হাতে তুলে দেওয়া হবে।