বাড়ি ফাঁকা থাকার সুযোগে দুঃসাহসিক চুরির অভিযোগ উঠল রাজগঞ্জ ব্লকের সাহুডাঙ্গির পাঘালুপাড়া এলাকায়। পরিবারের সদস্যরা বালুরঘাটে গিয়েছিলেন। অভিযোগ, এই সুযোগে বাড়িতে ঢুকে নগদ টাকা, সোনার গয়না, মন্দিরের কাঁসার বাসন, পিতলের মূর্তি-সহ একাধিক সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পাশাপাশি চারটি এলপিজি গ্যাস সিলিন্ডারও চুরি হয়েছে বলে দাবি পরিবারের।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত রবিবার বাড়ির সদস্যরা বালুরঘাটে তাঁদের পুরনো বাড়িতে যান। এরপর বিশেষ প্রয়োজনে মঙ্গলবার ভোরে বাড়িতে ফিরে আসেন বাড়ির মালিক। সকাল সাড়ে পাঁচটা নাগাদ বাড়িতে পৌঁছে তিনি দেখতে পান, ঘরের বিভিন্ন সামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। আলমারি, বাক্স-সহ একাধিক জায়গা তছনছ করা হয়েছে।
পরিবারের অভিযোগ, বাড়ির বাথরুমের জানলা দিয়ে চোরেরা ঘরে প্রবেশ করে। এরপর একাধিক ঘরে তল্লাশি চালিয়ে প্রায় আড়াই লক্ষ টাকা নগদ, প্রায় ১০ গ্রাম সোনার গয়না, মন্দিরে থাকা কাঁসার বাসন এবং পিতলের তৈরি মূর্তি-সহ বেশ কিছু সামগ্রী চুরি করে নিয়ে যায়। চারটি এলপিজি গ্যাস সিলিন্ডারও খোয়া গিয়েছে বলে অভিযোগ পরিবারের।
ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে পরিবারের পক্ষ থেকে ভোরের আলো থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরিবারের দাবি, ঘটনার তদন্তে বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দ্রুত দুষ্কৃতীদের শনাক্ত করুক পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
