খাস কলকাতায় চু*রির অভিযোগ, গ্রে*প্তার মহিলা সিভিক ভলান্টিয়ার

খাস কলকাতায় বাড়ি থেকে সোনার গয়না চুরির অভিযোগে গ্রেপ্তার হলেন এক মহিলা সিভিক ভলান্টিয়ার। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ। শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম চুমকি পাঁজা। তিনি যাদবপুর এলাকায় পেইং গেস্ট হিসেবে থাকেন। গত ১৬ নভেম্বর কসবা থানা এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। বাড়ি থেকে সোনার গয়না চুরি হয়েছে বলে থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে গিয়ে চুমকিকে চিহ্নিত করেন তদন্তকারীরা। পরে জানা যায়, তিনি কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত।

প্রথমে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তথ্যপ্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার করে কসবা থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। চুরি যাওয়া গয়না উদ্ধার হয়েছে কি না বা তার আনুমানিক মূল্য কত, সে বিষয়ে পুলিশ এখনও কিছু জানায়নি। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।