শিলিগুড়ির ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে উদ্যোগী প্রশাসন

শিলিগুড়ি শহরের যানজট সমস্যা কমাতে এবার বাস চলাচল ও পার্কিং ব্যবস্থায় পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। শহরের অন্যতম ব্যস্ত এলাকা সেবক মোড়ে তৈরি হতে পারে নির্দিষ্ট বাস স্টপেজ। বর্তমানে সেবক রোডের বিভিন্ন মোড়ে যত্রতত্র বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানো-নামানোর ছবি প্রায়শই দেখা যায়। এর জেরে তৈরি হয় যানজট, সমস্যায় পড়েন সাধারণ মানুষ থেকে শুরু করে অন্যান্য যানবাহনের চালকেরা।

শুধু বাস নয়, শহরের বিভিন্ন জায়গায় টোটো, অটো এবং অন্যান্য ছোট গাড়িকেও নির্দিষ্ট স্থান ছাড়াই যাত্রী ওঠানো-নামাতে দেখা যায়। পাশাপাশি যত্রতত্র গাড়ি পার্কিংয়ের ফলেও বাড়ছে যানজটের সমস্যা। এই সমস্ত বিষয় মাথায় রেখেই শহরের ট্রাফিক ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে উদ্যোগী হয়েছে প্রশাসন। সেবক মোড়ে সম্ভাব্য বাস স্টপেজ তৈরির বিষয়টি খতিয়ে দেখতে উপস্থিত ছিলেন এসিপি-সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা এবং এসডিও-র প্রশাসনিক আধিকারিকরা। কোথায় বাস দাঁড়াবে, কোথায় যাত্রী ওঠানো-নামানো হবে এবং কীভাবে পার্কিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করা যায়, সেই সমস্ত বিষয় সরেজমিনে খতিয়ে দেখা হয়।

প্রশাসনের এই উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে যেমন বাস চলাচলে শৃঙ্খলা ফিরবে, তেমনই সেবক মোড় সংলগ্ন এলাকায় যানজটের সমস্যা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। তবে শেষ পর্যন্ত এই পরিকল্পনা কতটা বাস্তবায়িত হয়, এখন সেটাই দেখার।