বাড়ানো হচ্ছে বিচারপতির সংখ্যা

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। দেশের সর্বোচ্চ আদালতে বিচারপতির সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে বড় সিদ্ধান্ত! সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্তে রবিবার আনুষ্ঠানিক অনুমোদন দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

রাষ্ট্রপতির জারি করা অধ্যাদেশ অনুযায়ী, শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা ৩৩ থেকে বাড়িয়ে ৩৭ করা হচ্ছে। কেন্দ্রীয় আইন মন্ত্রকও অতিরিক্ত চার বিচারপতির নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিচারব্যবস্থার উপর ক্রমবর্ধমান মামলার চাপ কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছ।

এর আগে গত ৫ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির প্রস্তাব অনুমোদিত হয়েছিল। প্রায় ছ’বছর পর আবার বিচারপতির সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। মূলত সুপ্রিম কোর্টে জমে থাকা বিপুল সংখ্যক মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। বর্তমানে হাজার হাজার মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে, যার ফলে শুনানির সময়ও দীর্ঘ হচ্ছে।