ছোটদের মন কি চাপে ভেঙে পড়ছে? চিনবেন কোন লক্ষণে

আজকাল পড়াশোনার পাশাপাশি নাচ, গান, ছবি আঁকা, আবৃত্তি শেখা, সবই চলে সমানতালে। সব কিছু একসাথে করার ফলে তাদের উপর মানসিক চাপ বাড়ছে। অনেক সময় শিশুরা বকাবকির ভয়ে নিজের মানসিক অবস্থা প্রকাশ করতে পারে না। ফলে মনে মনে উৎকণ্ঠা বাড়তে থাকে। যা দীর্ঘস্থায়ী অবসাদের কারণ হয়ে উঠতে পারে। মনোবিদেরা জানাচ্ছেন, অতিরিক্ত মানসিক চাপ ছোটদের মস্তিষ্কের গঠন ও বিকাশে বাধা দিতে পারে।

মানসিক চাপ বৃদ্ধি পেলে শিশুর আচরণে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়। পরিবার, স্কুল এবং বন্ধুদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও সেই পরিবর্তন স্পষ্ট হয়ে ওঠে। গবেষণায় দেখা গিয়েছে, দীর্ঘদিন উদ্বেগে ভোগা শিশুরা অনেক সময় অসহিষ্ণু হয়ে পড়ে এবং সামাজিক মেলামেশায় সমস্যার সম্মুখীন হয়। তাই অভিভাবকদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কোন লক্ষণগুলি দেখলে সতর্ক হবেন?

বারবার মাথাব্যথা বা পেটে ব্যথা: মানসিক চাপের প্রভাব শুধু মনে নয়, শরীরেও পড়ে। শিশু যদি নিয়মিত স্কুলে যাওয়ার আগে বা পড়তে বসার সময় মাথাব্যথা কিংবা পেটে ব্যথার অভিযোগ করে, তবে বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। স্কুলে কোনও ভয়, হেনস্থা বা মানসিক অস্বস্তি রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

ঘুমের সমস্যা : শিশুদের সুস্থ বিকাশের জন্য পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি। শারীরিক ক্লান্তি থাকা সত্ত্বেও ঘুম না আসা, বারবার দুঃস্বপ্ন দেখে জেগে ওঠা কিংবা দীর্ঘ সময় বিছানায় এপাশ-ওপাশ করা উদ্বেগের লক্ষণ হতে পারে।

খিটখিটে মেজাজ ও রাগ : সামান্য কারণে রেগে যাওয়া, তর্ক করা, চিৎকার করা বা জিনিসপত্র ছুঁড়ে ফেলার মতো আচরণ মানসিক চাপের বহিঃপ্রকাশ হতে পারে। উদ্বেগ যখন শিশুর সহ্যসীমার বাইরে চলে যায়, তখন তার আচরণে নেতিবাচক পরিবর্তন দেখা দিতে শুরু করে।

সামাজিক মেলামেশা এড়িয়ে চলা : যে শিশু আগে খেলাধুলো বা বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসত, সে যদি হঠাৎ একা থাকতে শুরু করে, তবে তা উদ্বেগ বা অবসাদের ইঙ্গিত হতে পারে। সামান্য ব্যর্থতায় অতিরিক্ত কান্নাকাটি করা বা ভেঙে পড়াও সতর্কবার্তা হিসেবে বিবেচিত হওয়া উচিত।

পছন্দের কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা : ছবি আঁকা, গান শোনা, খেলাধুলো বা অন্য কোনও প্রিয় কাজে আগ্রহ হারিয়ে ফেলা মানসিক অবসাদের প্রাথমিক লক্ষণ হতে পারে। এর সঙ্গে যদি আত্মবিশ্বাস কমে যাওয়া, নিজেকে নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হওয়া বা বারবার ভুলে যাওয়ার প্রবণতা দেখা দেয়, তবে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন।

শিশুদের সঙ্গে নিয়মিত কথা বলা, তাদের অনুভূতির মূল্য দেওয়া এবং অযথা তুলনা বা অতিরিক্ত চাপ এড়ানো অত্যন্ত জরুরি। শিশু যদি আচরণগত পরিবর্তনের লক্ষণ দেখায়, তবে তাকে বকাঝকা না করে ধৈর্যের সঙ্গে বোঝার চেষ্টা করা উচিত। প্রয়োজনে মনোবিদের পরামর্শ নিন।