পিয়াগিও ভেহিকেলস প্রাইভেট লিমিটেড ভারতীয় বাজারে তাদের নতুন বৈদ্যুতিক থ্রি-হুইলার ‘Apé WavE’ লঞ্চ করেছে। সাশ্রয়ী মূল্যের L3 প্যাসেঞ্জার ইভি ক্যাটাগরির এই গাড়িটি দৈনন্দিন যাতায়াত, ফিক্সড-রুট এবং স্বল্প দূরত্বের যাত্রী পরিবহনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। পুনেতে এর এক্স-শোরুম প্রারম্ভিক মূল্য নির্ধারিত হয়েছে ২,৫৫,০০০ টাকা।
এতে রয়েছে একটি ৫.৪ kWh ব্যাটারি প্যাক, ৩ kW পিক পাওয়ার এবং ২৫ Nm টর্ক। গাড়িটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪০ কিমি। এর সার্টিফাইড রেঞ্জ ১৪০ কিমি এবং আসল রাস্তায় এটি প্রায় ১১০ কিমি মাইলেজ দিতে সক্ষম। সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় প্রায় ৩ ঘণ্টা ৪৫ মিনিট। উন্নত রাইড কোয়ালিটি এবং কম ঝাকুনির জন্য এতে রয়েছে মনোকোক চ্যাসিস, সম্পূর্ণ মেটাল বডি এবং যাত্রীবান্ধব সাসপেনশন। ভারতীয় রাস্তার কথা মাথায় রেখে এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স রাখা হয়েছে ১৮০ মিমি এবং এটি ১৯% খাড়া রাস্তায় সহজে চলতে পারে।
পিয়াগিও ভেহিক্যালস-এর চেয়ারম্যান ও এমডি ডিয়েগো গ্রাফি জানান, ভারতীয় গ্রাহকদের অর্থনৈতিক সক্ষমতা, নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতার কথা মাথায় রেখেই এই সাশ্রয়ী ইভিটি ডিজাইন করা হয়েছে। এটি যেমন চালকদের উপার্জনের সম্ভাবনা বাড়াবে, তেমনই পরিবেশবান্ধব পরিবহনে অবদান রাখবে।
মহারাষ্ট্রের বারামতিতে অবস্থিত পিয়াগিও-র অত্যাধুনিক প্ল্যান্টে এটি তৈরি হচ্ছে। ভারতের পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থায় ‘Apé WavE’ একটি শক্তিশালী ও সাশ্রয়ী বিকল্প হিসেবে আসতে চলেছে।
পিয়াগিও ভেহিকলস ভারতে লঞ্চ করল ‘Apé WavE’
