কলকাতায় আবার বৃষ্টি! শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া বদলের পূর্বাভাস

তীব্র ভ্যাপসা গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিতে যখন দক্ষিণবঙ্গের মানুষের প্রাণ ওষ্ঠাগত, ঠিক তখনই এল স্বস্তির খবর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এক বড়সড় বদল আসতে চলেছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

তবে শুক্রবারের এই বড় বদলের আগে, বৃহস্পতিবার থেকেই স্থানীয় বজ্রগর্ভ মেঘের কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় হালকা বৃষ্টি শুরু হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী— বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসও বইতে পারে। শুক্রবার থেকে এই তালিকায় যুক্ত হবে কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরও।

অন্য দিকে, উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি কিন্তু একদম আলাদা। সেখানে আগামী সাত দিন আবহাওয়া বদলের কোনও সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি— এই উত্তরের পাঁচ জেলায় বুধবারও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং তা আগামী কয়েকদিন জারি থাকবে।

বর্তমানে কলকাতার আকাশে সূর্যের দাপট বজায় রয়েছে। চড়া রোদের কারণে গলদঘর্ম অবস্থা শহরবাসীর। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় চরম অস্বস্তি অনুভূত হচ্ছে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা ওপরেই ঘোরাফেরা করছে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। শুক্রবারের ঝড়বৃষ্টি নামলেই এই দমবন্ধ করা ভ্যাপসা গরম থেকে সাময়িক মুক্তি পেতে চলেছেন কলকাতা ও দক্ষিণবঙ্গের মানুষ।