অবৈধ মদ কারবারের বিরুদ্ধে পুলিশের কড়া পদক্ষেপ, তদন্ত শুরু

অবৈধ চোলাই মদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার বিশেষ অভিযানে চা বাগান সংলগ্ন একটি এলাকা থেকে প্রায় এক হাজার লিটার চোলাই মদ উদ্ধার করে তা নষ্ট করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ একটি চা বাগানের ভেতরে অভিযান চালায়। সেখানে অবৈধভাবে চোলাই মদ তৈরির একাধিক ভাঁটি ও মজুত করা বিপুল পরিমাণ চোলাই উদ্ধার হয়। অভিযানের সময় প্রায় এক হাজার লিটার চোলাই মদ এবং মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরে পুলিশের উপস্থিতিতেই উদ্ধার হওয়া চোলাই মদ নষ্ট করে দেওয়া হয়। তবে অভিযানের খবর পেয়ে মদ কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, অবৈধ মদ প্রস্তুত ও বিক্রির বিরুদ্ধে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।