ফাফরি জঙ্গল থেকে মিলল চুরি যাওয়া মোটরসাইকেল

সেবক রোডের আর্মি ক্যাম্পাস থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় গুরুত্বপূর্ণ সাফল্য পেল ভক্তিনগর থানার পুলিশ। ঘটনায় অভিযুক্ত হিসেবে রাকেশ মিস্ত্রি (৩০)-কে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি থানা এলাকায় ডাকাতির একটি মামলায় রাকেশ মিস্ত্রি বর্তমানে জেলে ছিল। একাধিক সোর্সকে কাজে লাগিয়ে ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ জানতে পারে, সেবক রোড আর্মি ক্যাম্পাস থেকে চুরি হওয়া মোটরসাইকেলটির সঙ্গে রাকেশ মিস্ত্রির যোগ রয়েছে। ধৃত রাকেশ মিস্ত্রির বাড়ি খোলাচাঁদ ফাফরি এলাকায়।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অন্য একটি ডাকাতি মামলায় রাকেশ মিস্ত্রি শিলিগুড়ি জেলে বন্দি রয়েছে। এরপর ভক্তিনগর থানার পুলিশ জলপাইগুড়ি আদালতের নির্দেশে তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করে। জেরায় রাকেশ মিস্ত্রি মোটরসাইকেল চুরির ঘটনায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ জানিয়েছে, ধৃতের দেখানো পথ অনুসরণ করে ফাফরি জঙ্গল এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে সেবক রোড আর্মি ক্যাম্পাস থেকে মোটরসাইকেলটি চুরি হয়েছিল। মঙ্গলবার ধৃত রাকেশ মিস্ত্রিকে ফের জলপাইগুড়ি আদালতে তোলা হয় এবং আরও রিমান্ডের আবেদন জানায় ভক্তিনগর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে ধৃতের কাছ থেকে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ।