পারিশ্রমিক না মেলায় ক্ষোভে মহকুমা শাসকের দপ্তরে ভোটকর্মীরা

১৩, ১৪ এবং ১৬ই এপ্রিল ভোটদাতাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন শিলিগুড়ি, মাটিগাড়া-নকশালবাড়ি ও ফাঁসিদেওয়া এলাকার ভোটকর্মীরা। নির্ধারিত সময়ে সমস্ত কাজ সম্পন্ন হলেও এখনও পর্যন্ত তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পারিশ্রমিক জমা পড়েনি বলে অভিযোগ।

এই পরিস্থিতিতে দ্রুত সম্মানিক প্রদানের দাবিতে সরব হন ভোটকর্মীরা। তাঁদের দাবি, নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার পরও দীর্ঘদিন পারিশ্রমিক না পাওয়ায় চরম অসন্তোষ তৈরি হয়েছে। এই দাবিতে সোমবার দুপুরে মহকুমা শাসকের দপ্তরে অভিযান চালান তাঁরা।

ভোটকর্মীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর মহকুমা শাসকের দপ্তরের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, এক সপ্তাহের মধ্যেই বকেয়া পারিশ্রমিক মিটিয়ে দেওয়া হবে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না পেলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।