শিলিগুড়ি পৌর নিগমে নতুন প্রশাসক হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন আইএএস অফিসার আর বিমলা। বর্তমানে তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব পদে কর্মরত রয়েছেন। মঙ্গলবার সকালে শিলিগুড়ি পৌর নিগমের কার্যালয়ে পৌঁছে প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করেন তিনি। এদিন পৌর নিগমে পৌঁছানোর পর আধিকারিক, কর্মচারী এবং বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা নতুন প্রশাসককে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি পৌর নিগমের বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এবং শহরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
বর্তমানে টানা বৃষ্টির জেরে শিলিগুড়ি শহরের একাধিক ওয়ার্ড ও পাড়ায় জল জমে রয়েছে। বিভিন্ন এলাকায় নিকাশি ব্যবস্থার সমস্যার কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে প্রশাসক আর বিমলা জানান, শহরের মানুষ যাতে দ্রুত স্বস্তি পান, সেই লক্ষ্যে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোথায় কোথায় জল জমেছে, কোন এলাকায় দ্রুত নিকাশি ব্যবস্থার উন্নতি প্রয়োজন, সেই বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করা হবে বলে তিনি জানান। আর বিমলা আরও বলেন, শিলিগুড়ির উন্নয়ন ও নাগরিক পরিষেবার মানোন্নয়নের ক্ষেত্রে সকলের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রাক্তন মেয়র তথা ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দেব-সহ শহরের সমস্ত জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেই প্রশাসক বোর্ড কাজ করবে। নাগরিক সমস্যার দ্রুত সমাধান এবং উন্নয়নমূলক প্রকল্পগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমন্বয়ের ওপর জোর দেওয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, শিলিগুড়ির মেয়র গৌতম দেব পদত্যাগ করার পর পৌর বোর্ড ভেঙে যায়। এরপর প্রশাসনিক কাজকর্ম সচল রাখতে এবং নাগরিক পরিষেবা বজায় রাখার স্বার্থে রাজ্য সরকার শিলিগুড়ি পৌর নিগমে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন আইএএস আর বিমলা। শহরের বর্তমান জলজট সমস্যা, রাস্তা ও নিকাশি ব্যবস্থার উন্নয়ন, পানীয় জল সরবরাহ এবং অন্যান্য নাগরিক পরিষেবা এখন নতুন প্রশাসকের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। তবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি। ফলে শিলিগুড়িবাসীর আশা, প্রশাসনের নতুন নেতৃত্বে শহরের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান হবে এবং নাগরিক পরিষেবা আরও উন্নত হবে।
