বাড়ানো হবে শিক্ষাকর্মীদের বেতন

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। বেতন বৃদ্ধি সংক্রান্ত একাধিক পদক্ষেপ নিয়ে চলেছে রাজ্য সরকার। কয়েকদিন আগেই স্কুলের প্যারাটিচারদের বেতন বাড়ানো হয়েছে। এবার রাজ্যের স্কুল ও কলেজগুলির অন্যান্য চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। এতে প্রায় ৫৫ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী উপকৃত হবেন।

রাজ্য বিধানসভায় শিক্ষা বাজেটের জবাবি ভাষণে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় ও স্কুল শিক্ষা মন্ত্রী দীপক বর্মন এই আশ্বাস দিয়েছেন। এতে স্টেট এডেড কলেজ টিচার্স তথা স্যাক্ট ও সমগ্র শিক্ষা মিশনের অধীন স্কুলে নিযুক্ত চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন বৃদ্ধি হবে।

এই বিষয়ে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী বলেন, “স্যাক্টদের সাম্মানিক বৃদ্ধির বিষয়ে অর্থমন্ত্রী আমায় এগিয়ে যেতে বলেছেন। তবে যাদের যথাযথ শিক্ষাগত যোগ্যতা আছে, তাঁদেরই বেতন বাড়ানো হবে। যাদের নেই, তাঁদের ক্ষেত্রে সেভাবে পদক্ষেপ নেবে সরকার। কারণ মাস্টার্স ডিগ্রিতে ৫৫ শতাংশের অনেক কম নম্বর পাওয়া অনেকেই আছেন।”