শিলিগুড়িতেই উচ্ছেদ শুনানির দাবিতে এডিআরএমকে স্মারকলিপি স্থানীয়দের

রেলের উচ্ছেদ নোটিশকে কেন্দ্র করে শিলিগুড়ি পৌরনিগমের ২৮ নম্বর ওয়ার্ডে উদ্বেগ বাড়ছে। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য নির্ধারিত শুনানির স্থান কাটিহার হওয়ায় আপত্তি জানিয়ে শুক্রবার শিলিগুড়ির এডিআরএম কার্যালয়ে স্মারকলিপি জমা দিলেন এলাকার বাসিন্দারা।

জানা গিয়েছে, উচ্ছেদের আগে ক্ষতিগ্রস্তদের বক্তব্য শোনার জন্য রেল কর্তৃপক্ষ ২৪ ও ২৭ জুলাই শুনানির দিন নির্ধারণ করে। তবে শুনানির স্থান হিসেবে কাটিহারের নাম ঘোষণায় সমস্যায় পড়েন বাসিন্দারা। তাঁদের দাবি, এত দূরে গিয়ে শুনানিতে অংশ নেওয়া অধিকাংশ পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই সমস্ত শুনানি শিলিগুড়ির এডিআরএম কার্যালয়েই আয়োজন করার দাবি তোলা হয়।

শুক্রবার প্রাক্তন সিপিআই(এম) কাউন্সিলর জয় চক্রবর্তীর নেতৃত্বে ২৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একটি প্রতিনিধি দল এডিআরএম কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেয়। প্রতিনিধি দলের বক্তব্য, উচ্ছেদের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ক্ষতিগ্রস্তদের বক্তব্য শোনার সুযোগ নিশ্চিত করা জরুরি। দূরবর্তী স্থানে শুনানি হলে বহু মানুষ সেই সুযোগ থেকে বঞ্চিত হবেন।

এডিআরএম কার্যালয়ের পক্ষ থেকে প্রতিনিধি দলকে আশ্বস্ত করা হয়েছে যে, যাঁদের কাছে উচ্ছেদ নোটিশ পৌঁছেছে, তাঁদের শুনানির জন্য কাটিহারে যেতে হবে না। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

রেল কর্তৃপক্ষের এই আশ্বাসে আপাতত কিছুটা স্বস্তি ফিরেছে এলাকার বাসিন্দাদের মধ্যে। তবে উচ্ছেদ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এবং পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর ২৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের।