বাঙালির রান্নাঘরে থোড় একটি জনপ্রিয় উপাদান। থোড় রান্নায়ও রয়েছে নানান রকমফের। ভর্তা থেকে শুরু করে ভাজা, ঘণ্ট বাদ যায় না কোনোটাই। এবার সর্ষে, নারকেলের মিশেলে বানিয়ে দেখুন থোড়ের পাতুরি। নিরামিষের দিনে গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে এই রান্না।
কী কী লাগবে
মাঝারি আকারের কচি থোড়
এক কাপ নারকেল কোরা
৪ টেবিল চামচ সর্ষেবাটা
২ টেবিল চামচ সর্ষের তেল
৫-৬টি কাঁচালঙ্কা
স্বাদমতো নুন এবং চিনি
কলাপাতা
কীভাবে বানাবেন
থোড়ের আঁশ ছাড়িয়ে পাতলা করে কেটে নিন। নুন দিয়ে থোড় ভাপিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে অতিরিক্ত আঁশ বের করে জল ঝরিয়ে নিন। এরপর থোড়ের সঙ্গে নারকেল কোরা, সর্ষেবাটা, কাঁচালঙ্কাবাটা, নুন, চিনি ও সর্ষের তেল মিশিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। কলাপাতা হালকা আঁচে সেঁকে নরম করে নিন, যাতে ভাঁজ করার সময় না ফাটে। পাতায় সামান্য সর্ষের তেল মেখে থোড়ের মিশ্রণ রাখুন। উপর থেকে চেরা কাঁচালঙ্কা দিয়ে কলাপাতা মুড়ে নিন। এরপর অল্প তেল মাখানো তাওয়ায় কম আঁচে দু’পিঠ উল্টে-পাল্টে সোনালি হওয়া পর্যন্ত রান্না করুন।
