শিলিগুড়ি জিআরপি হেডকোয়ার্টারে স্বাস্থ্য পরীক্ষা শিবির

পুলিশকর্মীদের সুস্বাস্থ্য ও শারীরিক সক্ষমতা বজায় রাখতে শিলিগুড়ি জিআরপির উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হল। মঙ্গলবার মহাত্মা গান্ধী চকে অবস্থিত শিলিগুড়ি জিআরপি হেডকোয়ার্টারে এই শিবির অনুষ্ঠিত হয়।

শিবিরে জিআরপির মহিলা ও পুরুষ পুলিশকর্মীদের পাশাপাশি আধিকারিকদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ব্লাড প্রেসার, ব্লাড সুগার-সহ বিভিন্ন শারীরিক পরীক্ষা করেন উপস্থিত চিকিৎসকেরা।

এদিন শিবিরে উপস্থিত ছিলেন শিলিগুড়ির এসআরপি ইনচার্জ বিশপ সরকার, রেলের একাধিক ডিএসপি, পুলিশ লাইন হেডকোয়ার্টারের আরআই-সহ অন্যান্য আধিকারিকরা। শিবিরে উপস্থিত চিকিৎসকদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনাও জানানো হয়।

জানা গিয়েছে, পুলিশকর্মীদের শারীরিক সুস্থতা ও কর্মক্ষমতা বজায় রাখা এবং স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর লক্ষ্যে জিআরপির পক্ষ থেকে প্রতি বছর এই ধরনের শিবিরের আয়োজন করা হয়।