দুধিয়ায় বালাসনে জলের তোড়ে আটকে গেল গাড়ি!

শিলিগুড়ি সংলগ্ন দুধিয়ায় বালাসন নদীর মাঝে গাড়ি নিয়ে প্রবেশ করে বিপাকে পড়লেন কয়েকজন যুবক-যুবতী। হঠাৎ নদীর জলস্তর বেড়ে যাওয়ায় গাড়িটি মাঝনদীতে আটকে যায়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদীর চর এলাকায় ঘুরতে গিয়েছিলেন ওই যুবক-যুবতীরা। সেই সময় উজান থেকে জল নেমে আসায় আচমকাই বালাসন নদীর জল বাড়তে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই গাড়িটি চারদিক থেকে জলে ঘিরে যায়। পরিস্থিতি বিপজ্জনক বুঝতে পেরে গাড়ি নিয়ে আর বেরিয়ে আসা সম্ভব হয়নি। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। তাঁদের তৎপরতায় গাড়িতে থাকা সকলকে নিরাপদে উদ্ধার করা হয়। তবে গাড়িটি নদীর মাঝেই আটকে থাকে।

বর্ষাকালে বালাসন নদীতে হঠাৎ জলস্তর বৃদ্ধি নতুন ঘটনা নয়। প্রশাসনের তরফে বারবার সতর্ক করা হলেও অনেকেই নদীর চর বা মাঝনদীতে গাড়ি নিয়ে প্রবেশ করেন। এর ফলে যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। স্থানীয়দের আবেদন, বর্ষার সময় নদীর চর, স্রোতযুক্ত এলাকা ও মাঝনদীতে গাড়ি নিয়ে প্রবেশ না করাই নিরাপদ। সতর্কতা অবলম্বন করলেই এ ধরনের বিপজ্জনক পরিস্থিতি এড়ানো সম্ভব।