টাটা মোটরস এবং ইউকো ব্যাংকের মউ স্বাক্ষর

ভারতের বৃহত্তম বাণিজ্যিক যানবাহন প্রস্তুতকারক সংস্থা টাটা মোটরস, দেশের অন্যতম শীর্ষস্থানীয় সরকারি ব্যাংক ইউকো ব্যাংকের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই কৌশলগত অংশীদারিত্বের মূল লক্ষ্য হলো দেশজুড়ে গ্রাহক ও ব্যবসায়ীদের জন্য বাণিজ্যিক যানবাহন কেনার ক্ষেত্রে সহজ এবং সংগঠিত ঋণ বা অর্থায়নের সুবিধা পৌঁছে দেওয়া। এই যৌথ উদ্যোগের ফলে ক্রেতারা আকর্ষণীয় সুদের হারে ঋণ পাবেন, যা যানবাহন মালিকানার খরচ অনেকটাই কমিয়ে দেবে। পাশাপাশি, দ্রুত লোন অনুমোদন, সহজ নথিপত্র প্রক্রিয়া এবং ফ্লেক্সিবল পরিশোধের সময়সীমা নিশ্চিত করা হবে। এই সুবিধাগুলি বিশেষ করে ফ্লিট অপারেটর, ছোট উদ্যোক্তা এবং গ্রামীণ ও শহরের প্রান্তিক অঞ্চলের ব্যবসায়ীদের নিজস্ব ব্যবসা আরও আত্মবিশ্বাসের সঙ্গে প্রসারিত করতে সাহায্য করবে।

ইউকো ব্যাংকের মুম্বইয়ের জেনারেল ম্যানেজার ও জোনাল হেড শ্রী শশীকান্ত কুমার জানান, “টাটা মোটরসের সঙ্গে এই চুক্তি গ্রাহক-কেন্দ্রিক আর্থিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে ব্যাংকের প্রতিশ্রুতিকে আরও জোরদার করবে।” অন্যদিকে, টাটা মোটরস লিমিটেডের ট্রাক বিজনেসের ভাইস প্রেসিডেন্ট ও বিজনেস হেড শ্রী রাজেশ কৌল বলেন, “ইউকো ব্যাংকের দেশব্যাপী শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের বিশ্বমানের যানবাহনের পাশাপাশি নির্ভরযোগ্য আর্থিক সমাধান দিতে পেরে আনন্দিত।”

টাটা মোটরস বর্তমানে ১ টনের কম থেকে শুরু করে ৫৫ টন পর্যন্ত মালবাহী গাড়ি এবং ১০ থেকে ৫১ আসনের গণপরিবহন গাড়ির এক বিশাল সম্ভার অফার করে। এর সঙ্গে রয়েছে ‘সম্পূর্ণ সেবা ২.০’ উদ্যোগ এবং ‘ফ্লিট এজ’-এর মতো উন্নত কানেক্টেড ভেহিকল প্ল্যাটফর্ম, যা ফ্লিট পরিচালনাকে করে তোলে অত্যন্ত সাশ্রয়ী ও দক্ষ।