সাময়িকভাবে হলেও স্বস্তি পেল হকাররা

মাঝে বাকি আর কয়েকটা মাস, তারপর আসছে বাঙালির দুর্গাপূজা। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। প্রতিবছরই দুর্গাপুজোয় মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা, সেজে ওঠে চারদিক। তবে এবারের পুজোর আগে জীবিকা হারানোর আশঙ্কায় দিন গুনছিলেন কলকাতা ও আশপাশের এলাকার হাজার হাজার হকার।

অবশেষে তাঁদের জন্য এল স্বস্তির বার্তা দিল রাজ্য সরকার। আপাতত অক্টোবর মাস পর্যন্ত ফুটপাত থেকে উচ্ছেদ অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে এই স্বস্তির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে একাধিক শর্ত, যাতে পথচারীদের চলাচল ব্যাহত না হয় এবং ফুটপাতের ব্যবহার নিয়ন্ত্রিত থাকে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবার’ কর্মসূচিতে হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির প্রতিনিধিরা নিজেদের দাবি ও সমস্যার কথা তুলে ধরেন। দীর্ঘ আলোচনার পর মুখ্যমন্ত্রী তাঁদের আশ্বস্ত করেন যে উৎসবের মরসুমে হকারদের জীবিকার উপর কোনও তাৎক্ষণিক কোপ পড়বে না। সরকারের নির্দেশ অনুযায়ী, হকাররা ফুটপাতের মাত্র এক-তৃতীয়াংশ অংশে দোকান বসাতে পারবেন। বাকি দুই-তৃতীয়াংশ জায়গা সম্পূর্ণ ফাঁকা রাখতে হবে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারেন।