প্রকল্পের টাকা না ঢোকায় বাড়ছে বিক্ষোভ

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা ঢুকে গিয়েছে রাজ্যের একটা অংশের মহিলার অ্যাকাউন্টে।

তবে ফর্ম পূরণ করে জমা দেওয়ার পরেও অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি অনেক মহিলার। যা নিয়ে ক্ষোভে ফেঁটে পড়ছেন মহিলারা। যোগ্য হয়েও অনেকেই অন্নপূর্ণার টাকা পাননি বলে অভিযোগ। জেলায় জেলায় চলছে বিক্ষোভও। এবার আবেদনকারীদের উদ্দেশে রাজ্যের মন্ত্রী মালতি রাভা রায় বললেন, যে মহিলাদের অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল হয়েছে, তাঁদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করা হবে।

মন্ত্রী আরও বলেন, ‘এত বড় একটা কাজ। আমরা অনেক অল্প সময়ে এত মানুষকে পরিষেবা দিয়েছি। তার পরেও এসিডিও, বিডিও, জিপি-তে এগুলো তদন্ত করতে বলেছি, কী কারণে আবেদন রিজেক্ট হল, কেন রিজেক্ট হল সেটা দেখা হবে। এ নিয়ে মুখ্যসচিবের সঙ্গে আমাদের একটি বৈঠক হয়েছে।’