ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার (NPCI) সহযোগী প্রতিষ্ঠান ‘এনপিসিআই ভিম সার্ভিসেস লিমিটেড’ (NBSL), গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬-এ ভিম অ্যাপের জন্য একটি নতুন এআই সহকারী বা অ্যাসিস্ট্যান্ট নিয়ে এসেছে, যার নাম MyUPI। এর মাধ্যমে ইউপিআই (UPI) সংক্রান্ত যেকোনো সমস্যায় ২৪ ঘণ্টা খুব সহজে সাহায্য পাওয়া যাবে, যার ফলে ডিজিটাল লেনদেন আরও নিরাপদ ও সহজ হবে। এই পরিষেবাটি বর্তমানে ইংরেজি ছাড়াও বাংলা, হিন্দি, তেলেগু এবং তামিল ভাষায় ব্যবহার করা যাবে।
এনপিসিআই ভিম সার্ভিসেস লিমিটেডের এমডি এবং সিইও মিসেস ললিতা নটরাজন বলেন, “ডিজিটাল লেনদেন যখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, তখন প্রতিটি ইন্টারঅ্যাকশনে বিশ্বাস বজায় রাখা জরুরি। মাইইউপিআই ইউজারদের তথ্য খোঁজা, সমস্যার সমাধান করা এবং আত্মবিশ্বাসের সঙ্গে দ্রুত পদক্ষেপ নেওয়ার সুযোগ করে দেয়।”
ভিম অ্যাপের ‘কুইক অ্যাকশনস’ অপশনের অধীনে থাকা এই ফিচারের মাধ্যমে ইউজাররা কোনো ঝামেলাপূর্ণ ফর্ম পূরণ না করে দৈনন্দিন ভাষার কথোপকথনের মাধ্যমেই আগের লেনদেনের হিসেব দেখা, অভিযোগ জানানো ও ট্র্যাক করা, ইউপিআই অটোপে ম্যান্ডেট পরিচালনা করা এবং মোবাইল নম্বর ডি-লিংক করার মতো কাজগুলো করতে পারবেন। এছাড়া, পেমেন্ট করার আগে প্রাপক যাচাই করার Pay Safe, সন্দেহজনক পরিস্থিতিতে অ্যাকাউন্ট ব্লক করার Safety Switch এবং জালিয়াতি সচেতনতামূলক সহায়তাও এতে অন্তর্ভুক্ত রয়েছে। এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের জন্য ডিজিটাল পেমেন্ট আরও অন্তর্ভুক্তিমূলক ও সহজ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.bhimupi.org.in/
