গ্যাসের ইকেওয়াইসি করানোকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। ২০ টাকার সরকারি সাবসিডি বজায় রাখতে গ্যাসের সংযোগধারীদের ইকেওয়াইসি করানো বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ১৬ তারিখ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে বলে জানানো হয়েছে।
৮ থেকে ৮০—গ্যাসের সংযোগ যার নামে, তাঁকেই নির্ধারিত সময়ের মধ্যে গ্যাসের দোকানে গিয়ে ইকেওয়াইসি সম্পন্ন করতে হচ্ছে। সংযোগধারী নিজে উপস্থিত না থাকলে ইকেওয়াইসি করা সম্ভব নয়। ফলে কাজকর্ম সামলে বহু মানুষ গ্যাসের দোকানে ভিড় করছেন।
তবে ইকেওয়াইসি না করলে শুধু সাবসিডি বন্ধ হবে, নাকি ভবিষ্যতে গ্যাস পেতেও সমস্যা হবে—তা নিয়ে গ্রাহকদের একাংশের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক তৈরি হয়েছে। কেউ কেউ আশঙ্কা করছেন, সময়সীমার মধ্যে ইকেওয়াইসি না করালে সিলিন্ডার কিনতে বেশি দাম দিতে হতে পারে। সেই আশঙ্কাতেই বিভিন্ন গ্যাসের দোকানে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন।
গ্রাহকদের মধ্যে সচেতনতা বাড়াতে ইকেওয়াইসি-এর নিয়ম ও সময়সীমা নিয়ে স্পষ্ট তথ্য দেওয়ার দাবি উঠেছে।
