নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, সতর্ক করল আবহাওয়া দপ্তর

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ অঞ্চলের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে। এর জেরে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

রবিবার কলকাতায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া নদিয়া, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, হুগলি ও উত্তর ২৪ পরগনায়ও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দপ্তরের মতে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপ অঞ্চল আগামী দু’দিনে আরও শক্তিশালী হতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

এদিকে, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ওড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গেও মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পরিস্থিতির ওপর নজর রেখে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।