শিলিগুড়ির সেবক রোডে ম*র্মান্তিক পথ দু*র্ঘটনা, ট্রাকের ধাক্কায় বুলেট আরোহীর মৃ*ত্যু

শিলিগুড়ির সেবক রোডের সেকেন্ড মাইল এলাকায় শনিবার এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বুলেট মোটরসাইকেল আরোহীর। একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর জখম হন ওই যুবক। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর মেট্রোপলিটন থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত ট্রাক ও মোটরসাইকেলটি আটক করা হয়। দুর্ঘটনার জেরে সেবক রোডে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হলেও পরে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।

মৃতের পরিচয় নিশ্চিত করে তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ।