তিন দিন ধরে গণেশ আরাধনা উত্তরায়ণে, ১৬ সেপ্টেম্বর বিসর্জন

শিলিগুড়ির অন্যতম আবাসন উত্তরায়ণে চতুর্থ বর্ষে পা দিল গণেশ পুজো। ECAOA উত্তরায়ণ শিলিগুড়ির উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও গণেশ পুজোর আয়োজন করা হয়েছে। পুজোকে কেন্দ্র করে গতকাল, ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। একইসঙ্গে এদিন গণেশ মন্দির নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ প্রতিমন্ত্রী তথা বিধায়ক আনন্দময় বর্মন। তাঁর উপস্থিতিতে গণেশ মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

১৪, ১৫ ও ১৬ সেপ্টেম্বরএই তিন দিন ধরে চলবে গণেশ পুজো। প্রতিদিন পুজো, পুষ্পাঞ্জলি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রসাদ বিতরণের আয়োজন রয়েছে। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক কর্মসূচিতেও অংশ নেবেন আবাসনের বাসিন্দারা।

আগামী ১৬ সেপ্টেম্বর গণেশ প্রতিমার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের পুজো। চতুর্থ বর্ষের গণেশ পুজো এবং মন্দির নির্মাণের উদ্যোগকে ঘিরে উত্তরায়ণ আবাসনে ইতিমধ্যেই উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।