মাশরুম দিয়ে বাহারি রান্না হয়েই থাকে। কখনও ক্রিসপি ফ্রায়েড মাশরুম, কখনও চিলি মাশরুম, আবার কখনও আলু দিয়ে কষা—বিভিন্ন পদে মাশরুমের স্বাদ অনায়াসে উপভোগ করেন আট থেকে আশি সকলেই। এবার বানিয়ে দেখুন চিজ, টক দই এবং ফ্রেশ ক্রিমের মিশেলে তৈরি মালাই মাশরুম। রেসিপিও সহজ।
কী কী লাগবে
১২-১৬টি বাটন মাশরুম
আধ কাপ গ্রেট করা চিজ
আধ কাপ জল ঝরানো টক দই
দেড় টেবিলচামচ আদা-রসুন-লঙ্কার বাটা
এক চিমটে সাদা গোলমরিচের গুঁড়ো
এক চিমটে সবুজ এলাচগুঁড়ো
এক চিমটে গরমমশলা গুঁড়ো
আধখানি লেবুর রস
আধ কাপ ফ্রেশ ক্রিম
পরিমাণমতো গলানো মাখন
পরিমাণমতো তেল
স্বাদমতো নুন
এক চিমটে চাটমশলা
কীভাবে বানাবেন?
প্রথমে এয়ার ফ্রায়ারটি ২০০ ডিগ্রি সেলসিয়াসে প্রি-হিট করে নিন। এ বার একটি বড় পাত্রে চিজ ভালো করে চটকে নিন। তার সঙ্গে জল ঝরানো টক দই, আদা-রসুন-লঙ্কার বাটা, সাদা গোলমরিচ, এলাচের গুঁড়ো এবং গরমমশলা মিশিয়ে নিন। এর পর লেবুর রস ও স্বাদমতো নুন দিয়ে ভালো করে মেশান। সবশেষে ফ্রেশ ক্রিম দিয়ে একটি মসৃণ মিশ্রণ তৈরি করুন।
এই মিশ্রণের মধ্যে পরিষ্কার করে রাখা বাটন মাশরুমগুলি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন, যাতে মশলার মিশ্রণ প্রতিটি মাশরুমে সমানভাবে লেগে যায়। এ বার এয়ার ফ্রায়ারের বাস্কেটে অ্যালুমিনিয়াম ফয়েল বিছিয়ে তার উপর সামান্য তেল ব্রাশ করে দিন। মাশরুমগুলি একে একে সাজিয়ে ১০-১৫ মিনিট এয়ার ফ্রাই করুন। মাশরুমের উপর সুন্দর সোনালি রং ধরলে বুঝবেন তা তৈরি। এয়ার ফ্রায়ার থেকে মাশরুমগুলি বের করে উপর থেকে গলানো মাখন ছড়িয়ে দিন। পরিবেশনের আগে সামান্য ফ্রেশ ক্রিম, চাটমশলা এবং সবুজ শাকপাতা দিয়ে সাজাতে পারেন। সঙ্গে রাখুন পছন্দের সবুজ চাটনি।
