জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। সুখবর রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করল অর্থ দফতর। সুপ্রিম নির্দেশকে মান্যতা দিয়ে ২০০৮ সালের এপ্রিল থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া মহার্ঘ ত্রাণ বা ডিয়ারনেস রিলিফ প্রদানের প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার।
এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি হয়েছে ইতিমধ্যে। রোপা-২০০৯ অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ সংক্রান্ত বৈঠকের পরই বিজ্ঞাপন আকারে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফে। সেই বিজ্ঞপ্তিতে পেনশনারদের বকেয়া সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্টদের ট্রেজারি কার্যালয়ে যোগাযোগ করার কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তি জারি করে সরকার জানিয়েছে পূর্বে ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া ডিআর প্রদান করা হয়েছিল। এবার ২০০৮ সালের এপ্রিল থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত প্রাপ্য বকেয়া ডিআর মেটানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
