রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। সমগ্র দেশজুড়ে যেকটি রেল প্রকল্পে কাজ চলছে তাদের মধ্যে অন্যতম সেবক-রংপো রেললাইন প্রকল্প।
এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে জুড়ে যাবে সিকিম। প্রথম রেল সংযোগ পারে ভারতের উত্তর পূর্বের এই রাজ্য। এবার এই রেল প্রকল্প নিয়ে এল বড় আপডেট। লোকসভা সাংসদ সি এম রমেশের সভাপতিত্বে রেল বিষয়ক একটি উচ্চপর্যায়ের সংসদীয় স্থায়ী কমিটি গ্যাংটক, কলকাতা এবং ঋষিকেশে রেল সফরে রয়েছে।
দেশের উত্তর পূর্বাঞ্চলে, রেল পরিকাঠামো উন্নয়ন, সংযোগ বৃদ্ধি থেকে সক্ষমতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে এই সফরে। এই সফরের অংশ হিসেবে সেবক-রংপো প্রকল্পের রেলস্টেশন, টানেল এবং ব্রিজ পরিদর্শন এবং এই রেল সংযোগ পদক্ষেপের অগ্রগতির বিষয়ে ধারণা করবে টিম। জানা গিয়েছে, প্রায় ৪৪.৯৬ কিমি দীর্ঘ এই রেললাইন প্রকল্পটি ২০২৭ এর ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ৭৭ শতাংশ অগ্রগতি পেয়েছে প্রকল্পটি।
