দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কলকাতায় আবারও বেড়ে গেল ডিমের দাম। গত এক সপ্তাহে প্রায় ডিমের ট্রের দাম প্রায় ২০ টাকা বেড়ে গেল। প্রতি পিস ডিমের দাম বেড়েছে ৭০ পয়সা করে। পাইকারি বাজারে তো দাম বেড়েইছে, সেই সঙ্গে খুচরো বাজারেও দেখা গিয়েছে ডিমের দামের উর্দ্ধগতি।
তথ্য অনুযায়ী, আজ শহর কলকাতায় ডিমের ট্রের পাইকারি রেট ১৭৪ টাকা। অর্থাৎ প্রতি পিসের দাম রয়েছে ৫ টাকা ৮০ পয়সা। খুচরো বাজারে এই ডিমের প্রতিটি ট্রের দাম হতে পারে ১৮৫ টাকা থেকে ১৯০ টাকা। অর্থাৎ প্রতি পিস ডিমের দাম হবে ৬ থেকে সাড়ে ৬ টাকা।
ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশনের সভাপতি এ বিষয়ে বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে ডিমের রফতানি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। দেশে অনেক ডিম থেকে যাচ্ছিল। কৃষকদের ক্ষতি করে ডিম বিক্রি করতে হচ্ছিল। কিন্তু বর্তমানে ডিমের রফতানি আবার শুরু হওয়ায় দেশে চাহিদা বেড়েছে। এর ফলেই আবারও বাড়তে শুরু করেছে ডিমের দাম।
