ভোট শেষ হলেও স্বস্তি নেই গোয়ালপোখরের মানুষের। ঝড়-বৃষ্টিতে ভুট্টার ক্ষেত নষ্ট হয়ে চাষিদের মাথায় হাত। এই পরিস্থিতিতেই রাজনৈতিক মন্তব্যে ভিন্ন সুর শোনা গেল গোয়ালপোখর বিধানসভার বিদায়ী বিধায়ক গোলাম রব্বানীর গলায়।
তিনি জানান, ভোট মিটতেই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তীর্ণ এলাকার ফসল। ফলে সাধারণ মানুষের দুশ্চিন্তা বেড়েছে। তবে রাজনৈতিক ফলাফল নিয়ে এখনই কোনো অনুমানে যেতে নারাজ তিনি। এক্সিট পোল প্রসঙ্গে গোলাম রব্বানী বলেন, “আগেও এক্সিট পোল ভিন্ন ছবি দেখিয়েছিল, কিন্তু বাস্তব ফল আলাদা হয়েছে।”
তাই এসব পূর্বাভাসে গুরুত্ব না দিয়ে চূড়ান্ত ফলাফলের দিকেই নজর রাখছেন তিনি। তাঁর দাবি, রাজ্যে আবারও সরকার গঠন করবে তৃণমূল কংগ্রেস ও চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও, এবারের নির্বাচনকে তিনি “একটি যুদ্ধের মতো কঠিন লড়াই” বলেও বর্ণনা করেছেন।
