জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। কর্নাটকে গুটখা ও তামাকযুক্ত পানমশলার বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্যঝুঁকি কমানোর লক্ষ্যেই এক বছরের জন্য গুটখা এবং নিকোটিন বা তামাকযুক্ত পানমশলার উৎপাদন, বিক্রি, মজুত ও পরিবহণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুধু দোকানে বিক্রিই নয়, এই ধরনের পণ্য কোথাও মজুত রাখা বা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা থাকছে। রাজ্যের কমিশনার অব ফুড সেফটির তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী, বুধবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের পিছনে মূল কারণ হিসেবে জনস্বাস্থ্যের বিষয়টিকেই তুলে ধরা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, গুটখা এবং তামাক বা নিকোটিনযুক্ত পানমশলার নিয়মিত ব্যবহার মানুষের স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলছে। সেই কারণেই রাজ্যে এই পণ্যগুলির ব্যবহার ও সরবরাহ নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ করা হয়েছে।
