শহরের কেন্দ্রস্থলে প্রতিদিন বাড়তে থাকা যানজট ও পার্কিং সংকট মোকাবিলায় বড় পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। সেই লক্ষ্যেই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা মাঠকে আধুনিক পার্কিং হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা শুরু হয়েছে।
মঙ্গলবার পার্কিং জোনের উপযুক্ততা খতিয়ে দেখতে মাঠ পরিদর্শনে যান শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ডিসিপি কাজী শামসুদ্দিন আহমেদ, শিলিগুড়ি পুরনিগমের কমিশনার বীর বিক্রম রায়, শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের কুন্তল গোস্বামী, বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির প্রতিনিধি রাজু সাহা- সহ প্রশাসনের একাধিক আধিকারিক।
প্রশাসনের মতে, শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলিতে পর্যাপ্ত পার্কিংয়ের অভাবে রাস্তার ধারে গাড়ি দাঁড় করানোর প্রবণতা বাড়ছে, যার ফলে যান চলাচলে বিঘ্ন ঘটছে। এই পরিস্থিতি থেকে মুক্তি দিতেই কাঞ্চনজঙ্ঘা মেলা মাঠকে পরিকল্পিত পার্কিং জোন হিসেবে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিদর্শনের সময় মাঠের ধারণক্ষমতা, যানবাহনের প্রবেশ ও প্রস্থানের ব্যবস্থা, নিরাপত্তা, আলোকসজ্জা ও ট্রাফিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট দফতরগুলি দ্রুত একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করবে বলে জানা গিয়েছে।
এই প্রকল্প বাস্তবায়িত হলে শুধু শহরের যানজটই কমবে না, শহরের বিধান মার্কেট-সহ আশপাশের বাণিজ্যিক এলাকায় আসা সাধারণ মানুষ ও ব্যবসায়ীরাও সহজে গাড়ি পার্ক করার সুযোগ পাবেন। ফলে শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
