আন্তর্জাতিক ক্রিকেটার ও শ্রীলঙ্কার প্রাক্তন জাতীয় দলের পেস বোলার চ্যামিন্ডা ভাসের উপস্থিতিতে অনুষ্ঠিত হল ৪২তম বাঘাযতীন রোড রেস। এই প্রতিযোগিতায় প্রায় ১ হাজার ৫০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এবছর স্কুল পড়ুয়াদের জন্য বিশেষভাবে আয়োজন করা হয় ২ কিলোমিটার দৌড়ের। তাতে শতাধিক খুদে প্রতিযোগী অংশ নেয়।
রেস শুরুর আগে অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে সংগীতের তালে তালে শরীরচর্চার আয়োজন করা হয়। এরপর হাসমিচক থেকে পতাকা নেড়ে রেসের সূচনা করেন শ্রীলঙ্কার প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার চ্যামিন্ডা ভাস, রাজ্যের পর্যটনমন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রেস শেষ হয় বাঘাযতীন ক্লাব প্রাঙ্গণে।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পর্যটনমন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ জানান, এবছরই তিনি প্রথমবার এই রোড রেসে অংশ নিলেন। মহালয়ার পুণ্যলগ্নে বাঘাযতীন ক্লাবের এই রোড রেস শহরে অত্যন্ত জনপ্রিয় বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি, আগামী দিনেও এই ধরনের উদ্যোগে সবরকম সহযোগিতার আশ্বাস দেন পর্যটনমন্ত্রী।
