কলকাতায় বিশ্ব ফার্মাসিস্ট দিবস ও জাতীয় ফার্মাসি সপ্তাহ উদযাপন

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা জীবাণুর ওষুধ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে কলকাতায় বিশ্ব ফার্মাসিস্ট দিবস এবং জাতীয় ফার্মাসি সপ্তাহ ২০২৬ উদযাপন করল ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া। শনিবার কলকাতার ৪৮ শেক্সপিয়র সরণির কলামন্দিরে পশ্চিমবঙ্গের রাজ্যস্তরের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের মূল ভাবনা ছিল ‘সুস্থ ভারত: অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) মোকাবিলা’ ।অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহার, দায়িত্বশীল ওষুধ সরবরাহ, রোগীদের সঠিক পরামর্শ এবং অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ সম্পর্কে সাধারণ মানুষ ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।

দিনের কর্মসূচির সূচনা হয় এএমআর সচেতনতা পদযাত্রার মাধ্যমে। বেলভিউ ক্লিনিকের সামনে থেকে সকাল ৮টায় শুরু হয়ে পদযাত্রাটি কলামন্দিরে এসে শেষ হয়। অংশগ্রহণকারীরা বিভিন্ন সচেতনতামূলক বার্তার মাধ্যমে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধ এবং ওষুধের কার্যকারিতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। সকাল ১০টা থেকে শুরু হয় আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান। কর্মসূচিতে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এবং স্বাস্থ্যনীতি নিয়ে আলোচনার পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক ও সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। এর মধ্যে ছিল বিশেষজ্ঞদের নিয়ে প্যানেল আলোচনা, পোস্টার প্রেজেন্টেশন, সাইটুনস এবং রাজ্যস্তরের ফার্মা কুইজ প্রতিযোগিতা। এই উদ্যোগগুলির মাধ্যমে ফার্মাসি শিক্ষার্থী ও পেশাদারদের এএমআর মোকাবিলায় আরও সক্রিয় ভূমিকা নেওয়ার বার্তা দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে ছিল সমাপনী অধিবেশন, পুরস্কার বিতরণ এবং অংশগ্রহণকারীদের সম্মাননা জানানোর কর্মসূচি। পিসিআই-র এই উদ্যোগের মূল বার্তা, অ্যান্টিবায়োটিকের অযথা ব্যবহার বন্ধ করা এবং চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ গ্রহণ করা অত্যন্ত জরুরি। ফার্মাসিস্ট, চিকিৎসক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের মোকাবিলা সম্ভব।