পুরনিগমের বোর্ড মিটিংয়ে উ*ত্তেজনা, সভা ছাড়লেন বিজেপি কাউন্সিলররা

শিলিগুড়ি পুরনিগমের অধিবেশন কক্ষে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল ৫০তম বোর্ড মিটিং। গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার ও চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী-সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।

বৈঠক চলাকালীন এসআইআর সংক্রান্ত প্রশ্ন উঠতেই পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই বিজেপি কাউন্সিলররা সভাকক্ষ ত্যাগ করে। যদিও তাঁদের দাবি, এটি কোনো ওয়াকআউট নয়। পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় অনুমতি নিয়েই তাঁরা সভা ছেড়েছেন বলে জানান।

এদিনের বৈঠকে শহরের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে আসন্ন বর্ষা মরশুমকে সামনে রেখে জলনিকাশি, রাস্তাঘাটের পরিস্থিতি সহ নাগরিক পরিষেবার উন্নয়ন নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

বোর্ড মিটিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব জানান, আগামী ৬ মে-র পর থেকে শহরে নতুন করে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়া হবে। পাশাপাশি নাগরিক পরিষেবা আরও শক্তিশালী করার দিকেও জোর দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।