ভুট্টার জমি থেকে র*ক্তাক্ত দে*হ উদ্ধার, খু*নের অভিযোগে চাঞ্চল্য

ভুট্টার জমি থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার সাহাপুর এলাকায়। মৃত ব্যক্তির নাম শ্রীপতি বণিক (৬৫)। তিনি হাট ডুবকল এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে এলাকার বাসিন্দারা ভুট্টার জমির মধ্যে রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ পড়ে থাকতে দেখেন। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয়রা ও পরিবারের সদস্যরা। পরিবারের দাবি, ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে নৃশংসভাবে খুন করা হয়েছে মৃতকে।  

যদিও ঠিক কী কারণে এই খুন, তা এখনো স্পষ্ট নয়। উল্লেখ্য, বুধবার রাতেও তিনি বাড়িতেই ছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। সকালে নিজের জমির পাশের ভুট্টার ক্ষেত থেকে তাঁর দেহ উদ্ধার হওয়ায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপোখর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।