নির্বাচনের উত্তাপের মাঝে হাওড়ার শিবপুরে এক অভিনব চিত্র। রাজনীতির উত্তপ্ত ময়দানের পাশাপাশি এখন বাঙালির হেঁশেলেও পৌঁছে গিয়েছে নির্বাচনী আবহাওয়া। হাওড়ার শিবপুরের ব্যাতাইতলার একটি প্রখ্যাত মিষ্টির দোকানে তৈরি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন আঁকা সন্দেশ। ক্ষীরের ওপর নিখুঁত হাতে আঁকা জোড়াফুল, পদ্ম, কাস্তে-হাতুড়ি-তারা কিংবা হাতচিহ্ন—ভোটের মরশুমে এই মিষ্টিগুলো এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
দোকানের মালিক সৈকত পাল জানান, ২০১১ সালের বিধানসভা নির্বাচনের আগে থেকেই তাঁরা এই অভিনব উদ্যোগ নিয়েছেন। প্রতিবারই নির্বাচনের ঠিক আগে রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন দিয়ে মিষ্টি তৈরি করা হয়। সৈকতবাবুর কথায়, “সাধারণ মানুষ এই ধরনের মিষ্টি খুব পছন্দ করছেন। সব দলের প্রতীকেরই চাহিদা রয়েছে। গত ১৫ দিন আগে থেকেই আমরা এই বিশেষ মিষ্টি তৈরির কাজ শুরু করেছি।”
শুধু সাধারণ ক্রেতারাই নন, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থক এবং প্রার্থীরাও এই মিষ্টির প্রতি বিশেষ আগ্রহ দেখাচ্ছেন। কর্মীরা দলের নেতাদের খুশি করতে তাঁদের পছন্দের প্রতীক আঁকা মিষ্টি উপহার দিচ্ছেন। এমনকি হাওড়া সদর আসনের অনেক রাজনৈতিক প্রার্থীও এই দোকান থেকে নিজের দলীয় প্রতীকের মিষ্টি কিনে নিয়ে যাচ্ছেন বলে দাবি করেছেন দোকানের মালিক।
রাজনৈতিক উত্তাপের মধ্যেও এই মিষ্টি যেন বাঙালির চিরাচরিত সৌহার্দ্য ও সংস্কৃতির এক বার্তা বয়ে নিয়ে আসছে। শুধু শিবপুরের ব্যাতাইতলাতেই নয়, হাওড়া ময়দান এবং পোদরায় অবস্থিত এই দোকানের অন্য দু’টি শাখাতেও দেদার বিকোচ্ছে এই রাজনৈতিক মিষ্টি। নির্বাচনের প্রচারের ব্যস্ততার মাঝে, মিষ্টির দোকানে রাজনীতির এই নোনা-মিষ্টি স্বাদ সাধারণ মানুষের নজর কেড়েছে।
