ভাইফোঁটায় মিষ্টিমুখের ধুম! রসগোল্লা, কালাকান্দ থেকে গঙ্গারামপুরের দই জলপাইগুড়ির মিষ্টির দোকানে ক্রেতাদের ভিড়

সবজি থেকে মাছ-মাংস, মিষ্টি সবেতেই চড়া দাম! ভাইফোঁটার বাজারে পকেটে টান, তবুও জলপাইগুড়ির দিনবাজারে জমজমাট কেনাকাটা। ইলিশ ১৫০০ থেকে ১৮০০ টাকা, চিংড়ি ৮০০ টাকা, কাতল ৬০০ টাকা, পাবদা ৭০০ টাকা, চিতল ১০০০ টাকা। খাসির মাংস ৮০০ থেকে ১০০০ টাকা, পলটি মুরগির মাংস ২৬০ টাকা ছিল। পেঁয়াজ ৬০ টাকা,, চোখে জল ক্রেতাদের। সরিষার তেল ২০০ টাকা কিলো, বর্তমান সময় দাঁড়িয়ে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষজনের।

ভাইফোঁটা মানেই ভাইয়ের জন্য বিশেষ আয়োজন। আর সেই আয়োজন ঘিরেই জমে উঠেছে জলপাইগুড়ি শহরের দিনবাজার। সকাল থেকেই বাজারে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। তবে উৎসবের আনন্দের মাঝেই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের চড়া দাম।

সবজি থেকে শুরু করে মাছ, মাংস—প্রায় সবকিছুর দামই ঊর্ধ্বমুখী। ফলে বাজার করতে এসে কিছুটা হলেও পকেটে টান পড়ছে সাধারণ মধ্যবিত্তের। তবুও ভাইফোঁটার বিশেষ দিনে পরিবারের জন্য ভালো খাবারের আয়োজন করতে পিছপা হচ্ছেন না ক্রেতারা। দাম বেশি হলেও কেনাকাটায় ব্যস্ত শহরবাসী। সব মিলিয়ে চড়া দামের মধ্যেও উৎসবের আমেজে জমজমাট জলপাইগুড়ির দিনবাজার।

অপরদিকে, ভাইফোঁটায় মিষ্টির পসরা, জমজমাট জলপাইগুড়ির মিষ্টির বাজার।

ভাইফোঁটা উপলক্ষে বাহারি মিষ্টির সম্ভার নিয়ে ক্রেতাদের মন জয় করতে প্রস্তুত জলপাইগুড়ির মিষ্টান্ন ব্যবসায়ীরা। উৎসবকে কেন্দ্র করে শহরের বিভিন্ন মিষ্টির দোকানে সাজিয়ে তোলা হয়েছে হরেক রকমের মিষ্টির পসরা। আর সেই মিষ্টি কিনতেই সকাল থেকেই দোকানগুলিতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা।

ভাইফোঁটার বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে রসগোল্লা, চমচম, কালাকান্দ, ছানার পোলাও, মিহিদানা থেকে শুরু করে গঙ্গারামপুরের বিখ্যাত দই। ভাই-বোনের মিষ্টি সম্পর্কের উৎসবকে আরও মধুর করে তুলতে পছন্দের মিষ্টি কিনতে ব্যস্ত ক্রেতারা। সব মিলিয়ে ভাইফোঁটাকে ঘিরে উৎসবের আমেজে জমজমাট জলপাইগুড়ির মিষ্টির বাজার।