বুড়িমার আদলে প্রতিমা, নজরকাড়া আলোকসজ্জায় সাজবে শিলিগুড়ির সুভাষপল্লী

দুর্গাপুজো ও কালীপুজোর রেশ কাটতে না কাটতেই জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতিতে ব্যস্ত হয়ে উঠেছে শিলিগুড়ি। শহরের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে মণ্ডপ ও প্রতিমা তৈরির কাজ। এরই মধ্যে দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ নিয়ে হাজির হচ্ছে সুভাষপল্লী জগদ্ধাত্রী পুজো কমিটি। এবছর তাদের পুজো পঞ্চম বর্ষে পদার্পণ করছে।

এবার পুজোর অন্যতম আকর্ষণ কৃষ্ণনগরের বিখ্যাত বুড়িমার আদলে প্রতিমা সজ্জা। পাশাপাশি মণ্ডপ চত্বর সাজিয়ে তোলা হবে নজরকাড়া আলোকসজ্জায়। প্রতিমা ও মণ্ডপসজ্জার পাশাপাশি থাকছে বিভিন্ন সামাজিক কর্মসূচি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। ইতিমধ্যেই বৃহস্পতিবার শিলিগুড়ির সুভাষপল্লীর হাতিমোড় এলাকায় ধর্মীয় রীতি মেনে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে পুজোর খুঁটিপুজো। পুজো কমিটির সদস্যদের উপস্থিতিতে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল চূড়ান্ত প্রস্তুতি।

উদ্যোক্তাদের পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৪ নভেম্বর বিশেষভাবে সক্ষম শিশুদের হাত ধরে পুজোর উদ্বোধন করা হবে। ১৮ নভেম্বর পর্যন্ত চলবে উৎসব ও বিভিন্ন অনুষ্ঠান। এরপর ১৯ নভেম্বর প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে শেষ হবে এবছরের আয়োজন।