সীমান্ত সংলগ্ন মুচিয়া মোহনায় পড়ুয়াদের পরিবেশ রক্ষা ও নদী দূষণ রোধে শপথ গ্রহণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার সারা রাজ্যের পাশাপাশি পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর মুচিয়া প্রাথমিক বিদ্যালয়েও নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়। শুক্রবার বিদ্যালয়ের উদ্যোগে ছাত্রছাত্রীদের নিয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন কাঁটা তার বেড়া লাগুয়া মুচিয়া মোহনা নদীর তীরে একটি সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পরিবেশ রক্ষা, নদীকে কিভাবে সংরক্ষণ রাখা যায় তা  নিয়ে ছাত্র-ছাত্রীদের  মধ্যে আলোচনা করা হয়। তাছাড়াও নদীর জল কীভাবে পরিশোধন করে ব্যবহারযোগ্য করা হয়, সে বিষয়েও বিস্তারিতভাবে ছাত্রছাত্রীদের অবহিত করা হয়। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়ার গুরুত্ব ও সীমান্ত নিরাপত্তা সম্পর্কে পড়ুয়াদের সচেতন করা হয়।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা পরিবেশ রক্ষায় গাছ লাগানো, নদী-নালা পরিষ্কার রাখা এবং দূষণ রোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। পড়ুয়ারাও পরিবেশ সংরক্ষণের শপথ বাক্য গ্রহণ করে। বিশ্ব পরিবেশ দিবসে বিদ্যালয়ের এই উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে।