শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকীতে রাজ্যজুড়ে উদযাপন, ভিত্তিপ্রস্তর স্থাপন বিশাল মূর্তির

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার পশ্চিমবঙ্গজুড়ে ব্যাপক কর্মসূচির আয়োজন করা হয়। কলকাতার ইকো পার্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১২৫ ফুট উচ্চতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ধাতব মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রস্তাবিত এই মূর্তিটি রাজ্যের সর্বোচ্চ মূর্তি হবে বলে জানানো হয়েছে। এদিন তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাড়িতেও শ্রদ্ধা জানান।

বিস্ব বাংলা মেলা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, এই মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন শুধুমাত্র একজন মহান ব্যক্তিত্বকে সম্মান জানানোর উদ্যোগ নয়, বরং ‘সোনার বাংলা’ গড়ার সংকল্পেরও সূচনা। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে আড়াল করার চেষ্টা হয়েছে, তবে তাঁর আদর্শ ও উত্তরাধিকারকে আর চাপা রাখা সম্ভব নয়।

অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে স্বপ্ন দেখেছিলেন, বর্তমান কেন্দ্রীয় সরকার তার অনেকটাই বাস্তবায়ন করেছে। তিনি দেশের যুবসমাজকে ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর আদর্শে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যের প্রায় ১০ হাজার স্থানে কর্মসূচি পালিত হয়েছে। পাশাপাশি তাঁর জীবন, সংগ্রাম ও অবদানকে শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার সুপারিশও করা হবে বলে জানানো হয়েছে। এছাড়া মূর্তির পাশে একটি গবেষণা কেন্দ্র স্থাপনের প্রস্তাবও সামনে এসেছে।